রোগ-জীবাণু প্রতিরোধে খাবার তৈরি বা খাওয়ার আগে সাধারণত হাত ধোয়ার পরামর্শ
নতুন কোনো বিষয় নয়। কিন্তু রান্নাঘরে ব্যবহূত ছুরির মধ্যেই লুকিয়ে থাকতে
পারে ভাইরাস সংক্রমণের ঝুঁকি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফুড সেফটির গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। গবেষণার ফল প্রকাশ করা হয়েছে ফুড অ্যান্ড এনভায়রনমেন্টাল ভাইরোলজি সাময়িকীতে।
পরীক্ষার জন্য খুব অল্প মাত্রায় হেপাটাইটিস এ এবং নরোভাইরাসযুক্ত ছয় ধরনের ফল ও সবজি নতুন ছুরি ও গ্রেটার (ঘষে কুচি করার যন্ত্র) দিয়ে কাটা হয়। এতে দেখা গেছে, ব্যবহূত সরঞ্জামের অর্ধেকের বেশিতে ওই ভাইরাস সংক্রমিত হয়েছে। এসব যন্ত্র দিয়ে পরে অন্য সবজি বা ফল কাটলে সেগুলোও সংক্রমিত হয়।
গবেষকেরা দেখেছেন, শসা, স্ট্রবেরি, টমেটো, গাজর বা মুলা, ফুটি এবং একজাতীয় তরমুজ কাটার পর ছুরিতে আঠালো জাতীয় পদার্থ তৈরি হয়। খাঁজযুক্ত, খাঁজছাড়া, অত্যন্ত ধারালো কিংবা যেকোনো ধরনের ছুরি দিয়ে কাটা হোক না কেন, ব্যবহারের পর তা না ধোয়া হলে ওই আঠালো পদার্থ থেকে যায়।
প্রতিটি ফল বা সবজি কাটার পর ছুরি ও গ্রেটার ধোয়ার পরামর্শ দিয়ে গবেষকেরা বলছেন, নোংরা হয়নি, এটা ভেবে তা রেখে দেওয়া উচিত নয়। বাসন ধোয়ার মতো তাপমাত্রার পানি নিয়ে তা ভালোভাবে পরিষ্কার করা উচিত। হিন্দুস্তান টাইমস।
No comments:
Post a Comment